ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

সোহাগ হাওলাদার
১ ঘন্টা আগে
মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকার নদীভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ভাঙন রোধে শুধু জিও ব্যাগ ফেললে হবে না, প্রয়োজন যথাযথ সমীক্ষা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ও কার্যকর সমাধানে পৌঁছাতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রমজাইপুর এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেড় মাস আগে এই ভাঙন এলাকা পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমানে রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে জিও ব্যাগ ফেলার পরও ভাঙন দেখা যাচ্ছে। এখানকার ভাঙন অনেকটা সোজা ও খাড়া হওয়ায় তা প্রতিরোধ করা সহজ নয়। এ জন্য বিষয়টি নিয়ে সমীক্ষা করে কাজ করতে হবে। নদীর বাঁকগুলো কীভাবে সংশোধন বা সোজা করা যায়, সেটিও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়েও ভাঙন অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এখানে খননকাজ করছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে, যাতে এ জনপদের মানুষ নদীভাঙনের দুর্ভোগ থেকে মুক্তি পায়। ভাঙনে মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হচ্ছে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছেন, কেউ কেউ উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এ বিষয়ে সরকারকে অবহিত করা এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তার ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দা উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং ভূটিয়ামারী উপ-সহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা।

এ সময় প্রতিমন্ত্রী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভাঙনের ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।





কমেন্ট বক্স