ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কিং’ সিনেমায় ধূসর চুলে আসল বয়সে ফিরছেন শাহরুখ

বিনোদন ডেস্ক
৫৪ মিনিট আগে
‘কিং’ সিনেমায় ধূসর চুলে আসল বয়সে ফিরছেন শাহরুখ
বলিউডে দীর্ঘদিন ধরে রোমান্টিক নায়কের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। তবে বয়সের ব্যবধান নিয়ে নতুন করে ভাবতে গিয়ে এবার পর্দায় নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। আসন্ন সিনেমা ‘কিং’-এ ধূসর চুলের নতুন অবতারে দেখা যাবে তাঁকে।

সম্প্রতি মুম্বাইয়ে মেটা আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালক করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় নিজের এই ভাবনার কথা জানান শাহরুখ। তিনি বলেন, অভিনয়জগতে আসার পর থেকেই তাঁর নায়ক হওয়ার ইচ্ছা ছিল। শুরুতে নিজেকে খুব একটা সুদর্শন মনে না করলেও নায়ক হওয়ার সুযোগ পেয়ে সেটিকে বিশেষভাবে গ্রহণ করেছিলেন তিনি।

তবে এক সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা তাঁকে নিজের বয়স নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। নাম প্রকাশ না করে শাহরুখ জানান, এক তরুণ অভিনেত্রীর সঙ্গে রোমান্টিক দৃশ্যের শুটিং করছিলেন তিনি। দৃশ্যে প্রেমের সংলাপ বলার একপর্যায়ে মজা করে তাঁর মনে হয়, অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন—পরদিনের গণিতের বাড়ির কাজ শেষ করেছে কি না!

শাহরুখের ভাষ্য, সহশিল্পীদের সঙ্গে বয়সের ব্যবধান অনেক বেশি হয়ে যাওয়ায় তাঁর মনে হয়েছে, এবার নিজের বয়স অনুযায়ী চরিত্রে অভিনয় করা উচিত। ৬১ বছর বয়সী একজন মানুষ হিসেবেই পর্দায় নায়ক হয়ে উঠতে চান তিনি। তাঁর মতে, বয়সের সঙ্গে মানানসই সংলাপ ও উপস্থিতি দর্শকের কাছেও গ্রহণযোগ্য হওয়া জরুরি।

‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। বড় পর্দায় এই সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে সুহানার। এ ছাড়া সিনেমাটিতে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় বর্মা। সিনেমাটির ‘ড্যাডি কুল’ গানেও দেখা গেছে কারিনা কাপুরকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।





কমেন্ট বক্স