ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরে বাস ও বসিলায় পুলিশের গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
১৮ মিনিট আগে
রাজধানীর মিরপুরে বাস ও বসিলায় পুলিশের গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া মোহাম্মদপুরের বসিলায় পুলিশের একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) বিকাল ও রাতে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৫ মিনিটে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ইতিহাস নামক একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের সিট এবং জানালা পুড়ে গেছে। 

মিরপুর জোনের এডিসি মো. জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। 

এদিকে, মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, বিকালে বসিলায় এসপিবিএন’র একটি গাড়ি মেরামতের জন্য রাখা ছিল। রাতে দুর্বৃত্তরা ওই গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় মামলা হয়েছে এবং ঘটনার তদন্ত ও দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।





কমেন্ট বক্স