ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা ইকবালের সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
২২ মিনিট আগে
আল্লামা ইকবালের সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা
পাকিস্তান সফরে গিয়ে দেশটির প্রখ্যাত কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় তিনি সমাধিতে ফাতেহা পাঠ করেন।

একই সফরে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল।

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্য থেকে এ বিষয়টি জানা যায়।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষে প্রতিনিধি দলের সদস্যরা করাচিতে পৌঁছান। সেখানে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ তাদের স্বাগত জানান। এ সময় প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরে প্রতিনিধি দলটি সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন এবং দেশটির প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।





কমেন্ট বক্স