ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিমান চলাচল শুরুর আশা স্থানীয়দের

অনলাইন ডেস্ক
১৮ মিনিট আগে
৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিমান চলাচল শুরুর আশা স্থানীয়দের
‎আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। এ দিকে, আগামী বছরের শুরুতে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনার কথাও জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়ার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জেলার উন্নয়নে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। এর মধ্যে রয়েছে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা ও কার্যক্রম শুরু, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন জাতীয় সংসদে পাস এবং রেললাইন নির্মাণের উদ্যোগ। আগামী মাসে অথবা জানুয়ারিতে রেললাইন নির্মাণের কাজ শুরু হতে পারে।

তিনি জানান, গোবিন্দগঞ্জের কর্মসূচি শেষে বগুড়ায় ফিরে প্রধানমন্ত্রী দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন। এতে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাদের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও থাকবেন। সভাস্থলে আসনসংখ্যা সীমিত হওয়ায় এক হাজার থেকে এক হাজার ১০০ জনের অংশগ্রহণের সুযোগ থাকবে।

রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে কোনো জেলায় এটিই তারেক রহমানের প্রথম সাংগঠনিক সভা। এ কারণে বগুড়ার জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সভায় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের নতুন কোনো দিকনির্দেশনা দেবেন বলে তাঁরা আশা করছেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়তে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিএনপি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক, আইনের শাসনভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।
 
অন্যদিকে, সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর বগুড়া সফর শুধু দলীয় কর্মসূচি নয়, এটি জেলাবাসীর জন্যও আনন্দের উপলক্ষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের বিষয়টি তাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

তিনি জানান, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা সাংগঠনিক সভায় অংশ নেবেন। দেশের সার্বিক পরিস্থিতি, উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান বলে জানান মোশাররফ হোসেন। তার মতে, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বগুড়াকে বিভাগ করা হলে শুধু এ জেলার মানুষ নয়, পুরো অঞ্চলের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরা হয়। আপাতত উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল।

মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে তিনি এয়ারলাইনসটির ব্যবস্থাপনা পরিচালক মামুনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। আগামী বছরের শুরুতে বগুড়া থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।





কমেন্ট বক্স