বাংলাদেশের মহাকাশ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এ ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছে দেশটি।
পাকিস্তান সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদল ইসলামাবাদের ‘কাহকাশান মিশন কন্ট্রোল সেন্টার’ এবং দেশটির জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ পরিদর্শনকালে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের মহাকাশ গবেষণার অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক ড. নাজম আব্বাস।
তিনি সুপারকোর চিফ ম্যানেজার এবং ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির অধীন ন্যাশনাল সেন্টার অব জিআইএস অ্যান্ড স্পেস অ্যাপ্লিকেশনসের চেয়ারম্যান।
ড. নাজম আব্বাস বলেন, বাংলাদেশের সরকার ও মহাকাশ গবেষণা সংস্থা চাইলে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো এবং এর সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে। প্রতিষ্ঠানটি সুপারকোর সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট তৈরির কাজ করছে।
তিনি আরও বলেন, মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার পাশাপাশি পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্য স্বাগত জানানো হবে।
বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু অভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ড. নাজম আব্বাস বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা, নগর জলাবদ্ধতা ও নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিকভাবে উপকৃত হতে পারে। এসব বিষয়ে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
এদিকে, পাকিস্তানের মহাকাশ গবেষণায় সাম্প্রতিক অগ্রগতির পেছনে রয়েছে চীনের সঙ্গে সহযোগিতা। গত ২৫ নভেম্বর চীনের শেনঝু-২৪ মহাকাশযানে করে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান পাকিস্তান বিমান বাহিনীর পাইলট মোহাম্মদ জিশান আলী।
প্রায় ২০০ প্রার্থীর মধ্য থেকে বাছাই এবং সাত মাসের কঠোর প্রশিক্ষণ শেষে পেলোড স্পেশালিস্ট হিসেবে নির্বাচিত হন তিনি। এক সপ্তাহের এই মহাকাশ অভিযানে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের নকশা করা চারটি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২ বা ৩ ডিসেম্বর তার পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে মহাকাশ গবেষণায় সহযোগিতার এই আগ্রহ দুই দেশের বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।