ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মিনিট আগে
আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিলেন নেতানিয়াহু
ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বড় ধরনের ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবর্তনশীল (রোটেটিং) জাতীয় ঐক্যের সরকারের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে সম্মত হয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এই প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, একজন নেতা হিসেবে আমার দায়িত্ব আমাকে বৃহত্তম দলের নীতিসহ সবকিছু একপাশে সরিয়ে রাখতে বাধ্য করছে। একই সঙ্গে তিনি জানান, সরকারের প্রথম মেয়াদে তিনি ‘বিকল্প প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ২৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে দায়িত্ব দিয়েছিলেন। নেতানিয়াহুর এই প্রস্তাবের পরপরই দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে ‘আন্তরিক ও দ্রুতগতির আলোচনার’ আমন্ত্রণ জানিয়েছেন আইজেনকোট।

মূলত আগামী ৬ ডিসেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগে জোট গঠনের আলোচনায় নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে—শুক্রবার আইজেনকোটের এমন অভিযোগের পরপরই নাটকীয় এই মোড় নিল ইসরায়েলি রাজনীতি।

উল্লেখ্য, গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে আইজেনকোটের মধ্যপন্থী ‘ইয়াশার পার্টি’ এবং আরও তিনটি ইহুদি বিরোধী দল মিলে ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। নির্বাচনের পরের সপ্তাহে সব দলের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট হারজোগ সাবেক সেনাপ্রধান আইজেনকোটকেই সরকার গঠনের প্রথম সুযোগ দেন।

এদিকে আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির ফলে আরব-নেতৃত্বাধীন দুটি জোট—‘ইউনাইটেড আরব লিস্ট’ এবং ‘জয়েন্ট লিস্ট’ সম্মিলিতভাবে নজিরবিহীন ১৯টি আসন জিতে নিয়েছে। এর ফলে সরকার গঠনে তারা ‘কিংমেকার’ বা নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হলেও নির্বাচনের আগেই একটি বাদে সব ইহুদি দল তাদের সঙ্গে মিলে সরকার না গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে আইজেনকোট ইতিমধ্যে ‘ইসরায়েল বেইতেনু পার্টি’ এবং ‘দ্য ডেমোক্র্যাটস’-এর সঙ্গে জোট চুক্তিতে পৌঁছে বেশ কিছুটা অগ্রগতি সাধন করেছেন। তার জোটের চতুর্থ শরিক ‘বেয়াচাদ পার্টি’র নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গত বৃহস্পতিবার বেনেট বলেছিলেন, আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী রেখে লিকুদ পার্টিকে সঙ্গে নিয়ে একটি ঐক্যের সরকার গঠনের পক্ষে তিনি।

রোববার নেতানিয়াহুর মন্তব্যের পর বেনেট বলেন, নেতানিয়াহু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং ‘যারা দেশের সেবা করেন তাদের জোটের ওপর ভিত্তি করে আইজেনকোটের নেতৃত্বে একটি ঐক্যের সরকারে যোগ দিতে ইচ্ছুক’ হয়ে তিনি সঠিক কাজটিই করেছেন।

ঐক্যের সরকারের প্রস্তাব দেওয়ার কারণ ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেন, অস্তিত্বের সংকটের ভয়াবহতা এবং এই বিপদ মোকাবিলায় অক্ষম এমন একটি সরকার গঠিত হওয়ার আশঙ্কা থেকেই আমি এই প্রস্তাব দিচ্ছি।

জবাবে আইজেনকোট বলেন, লিকুদ যদি প্রকৃত ঐক্যের জন্য প্রস্তুত থাকে, তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের উদ্দেশ্যের আন্তরিকতা যাচাই করতে আমি প্রস্তুত আছি। ইয়াশার পার্টির এই নেতা আরও জানান, গত রোববার নেতানিয়াহুকে পাঠানো ‘বিস্তারিত প্রস্তাবের’ ভিত্তিতেই এই আলোচনা হবে। তিনি যোগ করেন, এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো জবাব পাইনি।





কমেন্ট বক্স