শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত জটিলতায় গত ৭ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ নভেম্বর) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (২৯ নভেম্বর) বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তার পৈতৃক কবরস্থানে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।
বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।