তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উল্লেখযোগ্য সাফল্যের পরও দ্বীপটির সঙ্গে পুনরেকত্রীকরণের অবস্থান থেকে সরে আসবে না চীন।
বেইজিং বলেছে, তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক, চীনের সঙ্গে পুনরেকত্রীকরণের ধারাকে তা থামাতে পারবে না।
রোববার চীনের তাইওয়ানবিষয়ক দফতর এক বিবৃতিতে নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছে, তাদের বিশ্বাস, তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে শান্তি, উন্নয়ন এবং তাইওয়ান প্রণালির দুই পাড়ের সহযোগিতার প্রতি সমর্থন রয়েছে।
বিবৃতিতে বলা হয়, দ্বীপটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, দুই পাড়ের যোগাযোগ ও বিনিময়ের অগ্রগতির ধারা পরিবর্তন করা সম্ভব নয়। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বেইজিং।
স্বায়ত্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি দেশটি। তবে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে।
চীনের বক্তব্যের জবাবে তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ বেইজিংকে নির্বাচনের ফলাফল বাস্তবসম্মতভাবে বিবেচনা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
শনিবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ২২টি মেয়র ও কাউন্টি প্রধান পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে ডিপিপি। ২০২২ সালের নির্বাচনের তুলনায় দলটির আসন দ্বিগুণ হয়েছে। গত এক দশকে স্থানীয় নির্বাচনে এটিই দলটির সবচেয়ে ভালো ফল।
উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে তাইওয়ানের দ্বিতীয় জনবহুল শহর তাইচুংয়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। আট বছর পর শহরটিতে জয় পেয়েছেন ডিপিপির প্রার্থী হো সিন-চুন। অন্যদিকে রাজধানী তাইপের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিরোধী দল কুওমিনতাং (কেএমটি)।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দ্বীপটির আশপাশে চীনের ৩৩টি সামরিক বিমান, আটটি নৌযান ও চারটি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা বাড়িয়েছে। নির্বাচনটি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলগুলোর জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে।