ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে জমি দখল ও দলিল জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
১০ ঘন্টা আগে
কমলনগরে জমি দখল ও দলিল জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট বাজারে জমি দখল, দলিল জালিয়াতি, প্রতারণা এবং ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, গণ্যমান্য ব্যক্তি এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভকারীরা অভিযুক্ত দিদার খোনকার ও খলিলের বিরুদ্ধে স্লোগান দেন এবং দ্রুত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক উল্লাহর ছেলে দিদার খোনকার দীর্ঘদিন ধরে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, দলিলের তথ্য গোপন ও কারসাজি এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। স্থানীয়দের ভাষ্যমতে, অবৈধ ঝাড়-ফুঁক ও তাবিজ-তুমারের মাধ্যমে 'খোনকারি' পেশার আড়ালে প্রভাব খাটিয়ে তিনি এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৯৬১০, ১৮৬৮ ও ১৮৩ নম্বর দলিলের মালিকানা নিয়ে জালিয়াতি করা হয়েছে। একটি চক্র প্রকৃত মালিক আশ্রাফের নেছা, মোহাম্মদ আজাদ উদ্দিন ও এছাক মিয়ার জমি নিজেদের বলে দাবি করছে। এ ছাড়া ৯১/২০১৮ নম্বর দেওয়ানি মামলাকে কেন্দ্র করে ভুয়া খাস আমমোক্তারনামা তৈরি এবং মূল দলিলের বাইরে ২৬১৯ নম্বর দাগ যুক্ত করে সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে।

ভুক্তভোগী জমির মালিক মোস্তফা মিয়া জানান, চর কাদিরা মৌজার আরএস ৯৮১ খতিয়ানের ৬২৮৩ দাগে তাঁর ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। মোহাম্মদ ইসমাইল অভিযোগ করেন, তাঁর স্ত্রী নুর জাহান বেগমের রেকর্ডভুক্ত ৪০ শতাংশ জমিতে দিদার খোনকার বসতভিটা নির্মাণ করেছেন। অন্যদিকে ফখরুল ইসলাম জানান, তাঁর চাচি মুরশিদা খাতুনের ১ একর ৫৩ শতাংশ জমি দখল করে সেখানে মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করা হয়েছে।

মানববন্ধন থেকে জমির মালিক মোস্তফা, বাহার, ইসরাফিল ও ছিদ্দিক ব্যাপারীসহ স্থানীয় বাসিন্দারা জমির মূল দলিল যাচাই করে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও জমি উদ্ধারের দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দিদার খোনকার বলেন, ‘আমার বিরুদ্ধে এসব মিথ্যা তথ্য রটানো হচ্ছে। আমার সব কাগজপত্র সঠিক আছে, আপনারা চাইলে আমি তা দেখাতে পারি।’

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ‘দিদার খোনকার ও তার ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





কমেন্ট বক্স