কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে।
রোববার (২৯ নভেম্বর) জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও নিরাপত্তার শঙ্কা ও যাত্রীসংকটের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা জানান, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে সহিংসতা ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প পথে বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছিল। গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নিরাপত্তার শঙ্কা ও যাত্রীসংকটের কারণে আজ সকালে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনার কারণে দোলা পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকাগামী যাত্রীর সংখ্যাও খুব কম।
ঢাকাগামী যাত্রী সলেমান হাওলাদার জানান, জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য মোড়েলগঞ্জ থেকে বাগেরহাট বাসস্ট্যান্ডে এসেও কোনো বাস পাননি। পরে লোকাল বাসে খুলনা গিয়ে সেখান থেকে ঢাকাগামী বাসে যাওয়ার চেষ্টা করছেন।
এদিকে, মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মোল্লাহাট থানার ওসি মো. শাহাদৎ হোসেন জানান, গতকালের সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কমেন্ট বক্স