ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মারমা, মতবিনিময় ও কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি
১১ ঘন্টা আগে
প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মারমা, মতবিনিময় ও কম্বল বিতরণ
বান্দরবানের লামা উপজেলায় প্রথমবারের মতো সফর করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

রোববার (২৯ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

রোববার সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরে দুপুর ১২টায় লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, লামা পৌরসভার সাবেক মেয়র ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু, লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার সভাপতি ও লামা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, সংস্থার সদস্যসচিব বাবু মং মারমা, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকের হোসেন এবং লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএলবি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. চাঁদ মিয়া।

সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রথমবারের মতো লামা সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনদুর্ভোগ নিরসন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সংসদীয় দায়িত্ব আরও ইতিবাচক ভূমিকা রাখবে।





কমেন্ট বক্স