ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে খারাপ ফল: ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ

অনলাইন ডেস্ক
৮ ঘন্টা আগে
এইচএসসিতে খারাপ ফল: ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ
এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ চিত্র সামনে আসার পর এবার দুর্বল ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীদের পাসের হার আশানুরূপ না হওয়ায় ঢাকা ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১০৪টি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুধু ব্যাখ্যা চাওয়াই নয়, বিগত পাঁচ বছরের ফলাফল ও একাডেমিক কার্যক্রমের নথিপত্র নিয়ে অধ্যক্ষদের সরাসরি বোর্ডে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য শিক্ষা বোর্ডগুলোও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।

শোকজ পাওয়া কলেজগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২২টি এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

বোর্ডের পাঠানো নোটিশে বলা হয়েছে, প্রত্যাশিতসংখ্যক শিক্ষার্থী পাস করতে না পারার কারণ লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি বিগত পাঁচ বছরের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান, প্রশাসনিক নথি ও একাডেমিক কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে সশরীরে উপস্থিত হতে হবে। কোনো প্রতিনিধি পাঠিয়ে এই জবাব দেওয়ার সুযোগ রাখা হয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, প্রথম পর্যায়ে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। এরপর ১০ শতাংশের কম পাসের হার থাকা কলেজগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি জানান, যেসব কলেজে ২০ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, সেগুলোর বিরুদ্ধেও পরবর্তী সময়ে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গেও আলোচনা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দুর্বল ফলাফলের পেছনে অতীতে অপরিকল্পিতভাবে কলেজ প্রতিষ্ঠার প্রবণতাকেও দায়ী করেন তিনি। তাঁর ভাষ্য, রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত সুনামের জন্য অনেক জায়গায় পরিকল্পনা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। বর্তমান শিক্ষার মানদণ্ডে এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই টিকে থাকতে পারছে না। সরকার এগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ শতাংশের মধ্যে পাসের হার থাকা ২২টি কলেজকে শোকজ করা হয়েছে।

তালিকায় রয়েছে রাজধানীর গুলশানের ক্রাউন কলেজ, যেখানে পাসের হার মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ। পল্লবীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ এবং খিলক্ষেতের ডুমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ১০ শতাংশ।

গাজীপুরের জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ। নরসিংদীর ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজে ৫ শতাংশ, বাবুরহাট গ্রিন ফিল্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ এবং পাচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজে মাত্র ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মুন্সীগঞ্জের সৈয়দপুর আবদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯ দশমিক ০৯ শতাংশ। মানিকগঞ্জের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ২৬ শতাংশ।





কমেন্ট বক্স