লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকা চাওয়া ও পূর্বশত্রুতার জেরে নিজের কিশোরী (১২) মেয়েকে ‘গণধর্ষণের’ মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং স্থানীয়দের বক্তব্যে ঘটনাটি নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারি দিখিরপাড় কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করেন বিধবা পারভিন বেগম। তিনি স্থানীয় একটি ডেকোরেশন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। প্রায় ছয় মাস আগে প্রতিবেশী আলাউদ্দিনের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন পারভিন। পাওনা টাকা ফেরত দিতে দেরি হওয়ায় আলাউদ্দিনের স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, প্রায় দুই বছর আগে প্রতিবেশী ইসমাইল হোসেনের নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে স্থানীয় আবদুল গফুরের ছেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়। সেই ঘটনার জেরে দুলাল, আলাউদ্দিন ও গফুরের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা তৈরি হয়। সেই পুরোনো শত্রুতার প্রতিশোধ নিতে বিধবা পারভিনকে দিয়ে দুলালসহ প্রতিবেশী আটজনকে ফাঁসানোর ছক কষেন স্থানীয় ব্যবসায়ী গফুর। অভিযোগ অনুযায়ী, গফুরের আড়ালের সহযোগিতায় নিজের কিশোরী মেয়েকে গণধর্ষণের মিথ্যা নাটক সাজান মা পারভিন বেগম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার রাতে গফুরের পাঠানো দুই যুবক কিশোরীর একটি ভিডিও বক্তব্য রেকর্ড করে ফেসবুকে ছড়িয়ে দেয়, যেখানে মায়ের শেখানো কথা বলতে শোনা যায় ওই কিশোরীকে। শুরুতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও পরদিন স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে প্রকৃত সত্য স্বীকার করেন মা পারভিন বেগম। এরপর কিশোরী এবং মা পারভিন বেগমের আরও একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মিথ্যা অভিযোগ ও মায়ের সাজানো নাটকের বিষয়টি সামনে আসে। ওই ঘটনায় প্রতিবেশী দুলাল, আলাউদ্দিন, ছিদ্দিক মাঝি, হৃদয়, আলামিন, আজাদ মাঝি, জামাল ও আরিফের নাম জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলার কথা স্বীকার করেন কিশোরীর মা পারভিন।
এ ঘটনায় মিথ্যা অভিযোগের শিকার প্রবীণ ভুক্তভোগী ৬৬ থেকে ৭০ বছর বয়সী আলাউদ্দিন ও ছিদ্দিক মাঝি বলেন, সামান্য ২ হাজার টাকা পাওনা চাওয়ার অপরাধে এবং অন্যের পুরোনো শত্রুতার জেরে আমাদের মতো বয়স্ক মানুষদের নামে এমন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এতে সমাজে আমাদের সম্মানহানি ঘটেছে, আমরা চরম নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে ভুগছি। আমরা এই মিথ্যা নাটকের নেপথ্যের মূল হোতা গফুরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে জানতে রোববার সন্ধ্যায় যোগাযোগ করা হলে পারভিন বেগম জানান, রাগের মাথায় ও গফুরের প্ররোচনায় পড়ে তিনি নিজের মেয়েকে জড়িয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন এবং বিষয়টি নিয়ে আর সামনে এগোতে চান না; এ বিষয়ে খুবই অনুতপ্ত বলে স্বীকার করেন তিনি।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।