ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে এগোচ্ছেন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক
৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে এগোচ্ছেন আইজেনকট
দুই ঘণ্টার বৈঠকেও মেলেনি সমঝোতা। ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ না করলেও তাকে ছাড়াই সরকার গঠনের পথে এগোচ্ছেন মধ্য-ডানপন্থী ইয়াশার দলের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। এতে দেশটির রাজনীতিতে ক্ষমতার পালাবদলের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন আইজেনকট। তবে বৈঠক শেষে দুই নেতার যৌথ বিবৃতিতে কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। বরং তাদের মধ্যকার গুরুত্বপূর্ণ মতপার্থক্য দূর করার চেষ্টা হয়েছে বলে জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সঙ্গে জোট গড়ার চেয়ে তাকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দিকেই বেশি ঝুঁকছেন আইজেনকট।

চলতি মাসে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। এর আগে প্রথম বৈঠকটিকে আইজেনকটের জন্য নিরাপত্তাবিষয়ক ব্রিফিং হিসেবে বর্ণনা করা হয়েছিল। গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের পর দুই নেতার মধ্যে এসব আলোচনা হয়। ওই নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে ভবিষ্যতে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে নেতানিয়াহুকে আইজেনকট বলেছেন, ‘আমি জোটের শরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর আপনি চাইলে যোগ দিতে পারেন।’ আইজেনকটের একজন মুখপাত্রও এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।

অথচ এর আগের দিন শনিবার নেতানিয়াহু জানিয়েছিলেন, আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠিত হলে তিনি সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে প্রস্তুত। এমনকি নিজের দল লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার দলের মধ্যে চুক্তির আওতায় পর্যায়ক্রমে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবও দিয়েছিলেন তিনি।

নির্বাচনের পর সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট। এ জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে তার হাতে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

ইতোমধ্যে সম্ভাব্য জোট গঠনে কিছুটা অগ্রগতিও হয়েছে। গত সপ্তাহে বামপন্থী ডেমোক্র্যাটস এবং ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোটগত চুক্তি করেছেন আইজেনকট। এসব দলের সমর্থন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

তবে নির্বাচনের আসনসংখ্যার হিসাব বলছে, পথটি এখনো বেশ কঠিন। আইজেনকট ও তার সম্ভাব্য জোটসঙ্গীরা পেয়েছেন ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তাদের অতি-ডানপন্থী ও অতি-রক্ষণশীল মিত্ররা পেয়েছে ৫৩টি আসন। ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

এ অবস্থায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আইজেনকটকে আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন হবে। বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদি ও আরব দলগুলোর সমর্থন পেলে নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনের পথ তৈরি হতে পারে।

এদিকে রোববারের বৈঠকের পর আইজেনকটের প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের জনগণ আইজেনকটের পাশে রয়েছে। এখন এমন একটি সরকার গঠনের সময় এসেছে, যা প্রকৃত পরিবর্তন আনতে পারবে।

সব মিলিয়ে নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আইজেনকট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন কি না, নাকি আবারও কোনো সমঝোতার মাধ্যমে ক্ষমতার সমীকরণ বদলাবে—সেদিকেই এখন নজর ইসরায়েলের রাজনৈতিক মহলের।

সূত্র: রয়টার্স





কমেন্ট বক্স