ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর আগেই হাজার গোলের মাইলফলক ছুঁতেন, দাবি আগুয়েরোর

স্পোর্টস ডেস্ক
৩ ঘন্টা আগে
রোনালদোর আগেই হাজার গোলের মাইলফলক ছুঁতেন, দাবি আগুয়েরোর
মাত্র ৩৩ বছর বয়সেই হৃদযন্ত্রের সমস্যায় ফুটবলকে বিদায় জানাতে হয়েছিল আর্জেন্টিনার সাবেক তারকা সের্হিও আগুয়েরোকে। তবে তার বিশ্বাস, ক্যারিয়ার থেমে না গেলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই পেশাদার ফুটবলে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে পারতেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর হাজার গোলের লক্ষ্যের বিষয়ে কথা বলেন আগুয়েরো। তার মতে, ৪১ বছর বয়সেও রোনালদো যেভাবে গোল করে যাচ্ছেন, তা অবিশ্বাস্য। তবে ফুটবলে এক হাজার গোল করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।

নিজের সামর্থ্যের কথা তুলে ধরে আগুয়েরো বলেন, এত দিন খেলার সুযোগ পেলে তিনি আরও আগেই এক হাজার গোল করতে পারতেন।

২০২১ সালের ৩০ অক্টোবর বার্সেলোনার হয়ে আলাভেসের বিপক্ষে ম্যাচে হৃদস্পন্দনের সমস্যায় মাঠেই অসুস্থ হয়ে পড়েন আগুয়েরো। পরে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ৩৩ বছর।

ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৮৬ ম্যাচে ৪২৭ গোল করেছেন আগুয়েরো। এর মধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে ৩৯০ ম্যাচে তার গোল ২৬০টি। ইংলিশ ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি।

অন্যদিকে, ৪১ বছর বয়সেও গোল করে চলেছেন রোনালদো। চলতি মাসে পর্তুগাল জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৯৮৭। পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর মাত্র ১৩টি গোল।





কমেন্ট বক্স