ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স প্রবাহে সুবাতাস, ২৮ দিনে এলো ৩৩ হাজার কোটি

অনলাইন ডেস্ক
৫ ঘন্টা আগে
রেমিট্যান্স প্রবাহে সুবাতাস, ২৮ দিনে এলো ৩৩ হাজার কোটি
প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ২৮ দিনেই দেশে প্রায় ২৭০ কোটি (২ দশমিক ৭০ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ১৯৮ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২৮ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৬৪ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ কোটি ৯০ লাখ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৭৮ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮ শতাংশ।

প্রবাসী আয়ের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তিন বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

এর আগে সদ্য বিদায়ী অক্টোবর মাসের পুরো সময়ে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।





কমেন্ট বক্স