২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংকট এখনো কাটেনি মিয়ানমারে। ক্ষমতায় জান্তা সরকার। নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে তারা। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছর জাতীয় নির্বাচন হওয়ার কথা মিয়ানমারে। এই নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবরে আদমশুমারি ও ঘর গণনা শুরু করতে যাচ্ছে জান্তা সরকার।
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আদমশুমারি ও গৃহ গণনা করা হবে। এসব তথ্যের ভিত্তিতেই আগামী বছর নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন হবে।
রোববার মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন। বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি। এ ছাড়া রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেলে এ ব্যাপারে কথা বলেছেন মিন অং হ্লাইং।
জান্তা সরকারের প্রধান বলেন, ‘সঠিক ও নির্ভুল ভোটার তালিকা সংকলনে আদমশুমারি ব্যবহার করা যেতে পারে। এসব তথ্য একটি অবাধ ও সুষ্ঠু বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের ক্ষেত্রে খুব দরকার।’ তবে, আগেই এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি পশ্চিমা বিশ্ব নির্বাচনকে বৈধতা দেবে না বলেই মনে করা হচ্ছে।
নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে কয়েক ডজন রাজনৈতিক দল। এ তালিকায় রয়েছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এই দলের নেত্রীই অং সান সু চি। তাদের হটিয়ে ক্ষমতা দখল করে জান্তা সরকার। কারাগারে বন্দী দলটির অনেক নেতা।
কমেন্ট বক্স