ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানে জয়ে চোখ বাংলাদেশের

নিউজ ডেস্ক
২ বছর আগে
ভুটানে জয়ে চোখ বাংলাদেশের
ভুটানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে বাংলদেশ। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির আগে দলটির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ হতে পারে প্রস্তুতির জন্য দারুণ মঞ্চ। আর এই লড়াইয়ে এগিয়ে থেকেই নামবে বাংলাদেশ। তবে সহজেই ইতিবাচক ফল দেবে বলে আশা করছেন না কোচ হাভিয়ের কাবরেরা। ভুটানের কাছ থেকে আশা করছেন কঠিন চ্যালেঞ্জের।

ভুটানের বিপক্ষে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৯টিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা।  ভুটানের একমাত্র জয়টি এসেছিল ২০১৬ সালে। ভুটানের মাটিতে হওয়া সেই ম্যাচটি ছিল এশিয়ান কাপ বাছাইয়ে।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার প্রথম প্রীতি ম্যাচটি হবে। তিন দিন পর একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচটি। সংবাদ সম্মেলনে কাবরেরা প্রতিপক্ষকে সমীহ করার কথাই জানালেন। ‘আমরা জানি আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে। ভুটানের খেলোয়াড়দের মতো আমরা মৌসুমের মাঝামাঝি পর্যায়ে নেই।’

‘অবশ‍্যই এখানে আমরা দুটি ম্যাচ জেতার জন্যই এসেছি। তবে আমাদের আগামী বছরের প্রতিযোগিতার জন্য এই সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের উইন্ডো গুরুত্বপূর্ণ। কারণ অফিসিয়াল টুর্নামেন্টগুলোই মূল ব্যাপার, যা আগামী বছরের মার্চে শুরু হবে। আর এই কারণে ভুটানের বিপক্ষে এই ম্যাচ ছাড়াও অন্য দুই উইন্ডোকে আমরা প্রাধান্য দিচ্ছি, যাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি।’

ভুটানের বিপক্ষে তরুণদের জন্য মেলে ধরার দারুণ সুযোগ বলে মনে করেন কাবরেরা, ‘আপনারা জানেন, কয়েক সপ্তাহ আগে অনূর্ধ্ব-২০ দল চ্যাম্পিয়ন হয়েছে। ওই স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় এই দলে যোগ দিয়েছে। যাদের মধ্যে দুজন আগেও আমাদের সঙ্গে ছিল, তারা জাতীয় দলের আবহটা জানে। নতুন দুজন যোগ হয়েছে। ফিফা উইন্ডোতে এ ধরণের প্রীতি ম্যাচ তাদের জন্য ইতিবাচক। আমি মনে করি, তাদের জন্য এটাই মেলে ধরার মঞ্চ।’ আগামী বছরে গুরুত্বপূর্ণ কিছু প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ। যেখানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচের পাশাপাশি সাফ চ্যাম্পিয়নশিপও।


কমেন্ট বক্স