সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে এই ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু যমুনা সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বাসের সুপারভাইজার ও তার ছেলেসহ অপর এক যাত্রী। এ ঘটনায় আহত হয় আরও ৭ জন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নিহতদের পরিবারের স্বজনরা। নিহতরা সবাই সিরাজগঞ্জের বাসিন্দা।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত হওয়া তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।
কমেন্ট বক্স