দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আরাফাত সিদ্দিকী (১৩) । ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফলে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী এই তরুন।
ভর্তির পর শিক্ষানবিস পর্যায়ে সকল কোর্স দক্ষতার সাথে শেষ করে ক্যাডেট পরিবারের পূর্ণ সদস্য হয়েছেন আরাফাত। আরাফাত সিদ্দিকী ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরজাহানপুর গ্রামের মশিউর রহমান সিদ্দিকী রানার ছেলে। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা নাসরিন আক্তার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দুই ভাই বোনের মধ্যে আরাফাত বড়।
চলতি বছর রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি সুযোগ পেয়েছেন ৫৪ জন মেধাবী শিক্ষার্থী। তাদের মধ্যে একজন আরাফাত সিদ্দিকী। গ্রামটি থেকে প্রথমবারের মতো কোন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
আরাফাতের বাবা মশিউর রহমান সিদ্দিকী রানা বলেন, আমি আমার ব্যাবসায়িক কাজের বাহিরে বাকি সময়টুকু সন্তানের জন্য ব্যয় করতাম। শত কাজের মাঝে তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা আমার নিয়মিত ডিউটি ছিল। এছাড়া আমার স্ত্রী শিক্ষকতা করার সুবাদে স্কুলের এবং পরিবারের কাজের শেষে বাকি সময়টুকু সন্তানের পেছনে লেগে থাকতেন। চলতি বছর আমার ছেলে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তির পর প্রাথমিক পর্যায়ে আরো যাচাই বাছাই পূর্বক গত সপ্তাহে আমার ছেলে ক্যাডেট পরিবারের পূর্ণ সদস্য হয়েছে। বাবা হিসেবে আমি গর্বিত।
কমেন্ট বক্স