ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট কালাইয়ে বিটিএসে আসক্ত হয়ে নিখোঁজ ৫ মাদরাসার ছাত্রী উদ্ধার

শেখ নয়ন ফয়েজী
২ বছর আগে
জয়পুরহাট কালাইয়ে বিটিএসে আসক্ত হয়ে নিখোঁজ ৫ মাদরাসার ছাত্রী উদ্ধার
জয়পুরহাটের কালাই উপজেলার একটি মাদরাসা থেকে নিখোঁজ পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বগুড়া থেকে উদ্ধার করে গভীর রাতে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া পাঁচ ছাত্রী ইউটিউবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসে আসক্ত হয়ে মাদরাসা থেকে পালায়। তারা ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিল। বগুড়া থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে গতকাল ভোরে ফজরের নামাজের পর মাদরাসার আবাসিকের পাঁচ ছাত্রীর খোঁজ পাচ্ছিল না কর্তৃপক্ষ। এ ঘটনায় গতকাল দুপুরে মাদরাসার প্রধান শিক্ষক কামরুন্নাহার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসায় ৫৫ জন ছাত্রী পড়াশোনা করে। এর মধ্যে ৫০ জন আবাসিক। গত বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজের জন্য আবাসিকের তত্ত্বাবধায়ক দরজা খুলে দেন। এরপর ওই পাঁচ ছাত্রী বাইরে গিয়ে আর মাদরাসায় ফেরেনি।

এরপর কর্তৃপক্ষ ছাত্রীদের বাসায় খোঁজ নিয়েও সন্ধান পায়নি। তাদের সবার বয়স ১০ থেকে ১২ বছর। এদের মধ্যে তিনজন শিক্ষার্থীর ট্রাংক খুলে ভেতরে একটি করে চিরকুট পাওয়া যায়। একটি চিরকুটে লেখা ছিল, ‘প্রিয় মা-বাবা তোমাদের কষ্ট হচ্ছে। আমরা তোমাদের কষ্ট দিতে চাই না। এ কারণে চলে যাচ্ছি। আমরা আবার ফিরে আসব।’ এরপর পুলিশ ও মাদরাসা কর্তৃপক্ষ তাদের সন্ধান শুরু করে।


কমেন্ট বক্স