ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা না পেয়ে মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা

নিউজ ডেস্ক
২ বছর আগে
নেশার টাকা না পেয়ে মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা
মাদক কেনার টাকা না দেয়ায় মুক্তিযোদ্ধা বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এই ঘটনা ঘটে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার নিজ বাড়ি থেকে নিহত আব্দুস সোবহানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত ছেলের নাম শিশির আহম্মেদ। দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নিহত আব্দুস সোবহান ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার ভাতা তোলেন। ওই দিন রাতেই তার ছেলের সঙ্গে শিশিরের বাকবিতণ্ডা হয়। পরদিন বুধবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে দিনভর হট্টগোল চলে। ওইদিন মধ্যরাতে আব্দুস সোবহানের চিৎকার শোনেন প্রতিবেশীরা। এরপর থেকে নিহত সোবহানকে বাড়ির বাইরে দেখা যায়নি। আজ শনিবার দুপুরে বাড়ির দ্বিতল ভবন থেকে পচা গন্ধ বের হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজি গুলশান আরা জানান, তার চাচাতো ভাই শিশির বখাটে ও নেশাগ্রস্ত ছিল। কোনো কাজকর্ম করত না। নেশার টাকা জোগাতে না পেয়ে তার বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে শনিবার দুপুরে পচা গন্ধ পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোবহানের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহত সোবহানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শিশিরকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।


কমেন্ট বক্স