ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ঐ কিশোরের বাবা ও আরেকজন৷
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে৷
নিহত জয়ন্ত (১৫) বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। আহতরা জয়ন্তের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।
স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ কবির বলেন, ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৯৩ পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে তিন বাংলাদেশি। তাদের দেখতে পেয়ে ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে জয়ন্ত নামে এক কিশোর নিহত হয়। নিহতের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে এসেছেন মহাদেব ও বাংঠ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল তানজির আহমদ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ও আহত হওয়ার খবরটি শুনেছি। সীমান্তে কি ঘটেছিল সেই প্রকৃত ঘটনা জানার জন্য আমাদের টিম কাজ করছে। এরকম ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স