সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি কারখানা এখনও বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়ায় সকালে কাজে যোগ দিয়েও বের হয়ে যান ২১ কারখানার শ্রমিক। এ ছাড়া গতকাল থেকে বন্ধ রয়েছে আরও ১৯টি কারখানা।
গাজীপুরের অন্যান্য কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে। সকাল থেকেই বেশির ভাগ কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে টঙ্গীর একটি কারখানায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। অব্যাহত আছে সেনা টহলও।
এর আগে গতকাল সোমবার শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন সাভার–আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের জেরে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। জোরদার করা হয় শিল্পাঞ্চলের নিরাপত্তা।
এর আগে গত বুধবার চাকরি প্রত্যাশী ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। এদিন বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স