শারদীয় দূর্গাপূজা-২০২৪ উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, খানসামা থানার ওসি (তদন্ত) মোতালেব ইসলাম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান ও সেক্রেটারি সামিউল ইসলাম, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায় সহ ছয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং হিন্দু কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীগণ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, শান্তিপ্রিয় খানসামা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে উপজেলার ১৩৫ টি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। এসময় মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নির্ভয়ে ও নিঃসংকোচে পূজা উদযাপন করার আহ্বান জানান আইনশৃংখলা বাহিনী, বিএনপি ও জামাতের নেতারা।
ইউএনও মো.তাজ উদ্দিন বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা সম্পন্ন হয় সেই জন্য সংশ্লিষ্ট সকল বিভাগ ও ব্যক্তিদের সাথে উপজেলা প্রশাসন সার্বিক বিষয়ে সমন্বয় করছে নিয়মিত।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বর্তমান সরকারকে সহযোগিতা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সুশৃঙ্খল ও সজাগ আছে। যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।
কমেন্ট বক্স