ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে সতর্কতা, সারা দেশেই বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
২ বছর আগে
বন্দরে সতর্কতা, সারা দেশেই বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশেই আগামী দু-তিনদিন বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কতা বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার শঙ্কায় বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সতর্কবার্তায়।

আবহাওয়া অফিসের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণপূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ শুক্রবার দেশের সব বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের যেসব অঞ্চলে তাপপ্রবাহ চলছিল সেসব স্থান থেকে তা প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। এতে করে সারা দেশেই গরমের অনুভূতি কিছুটা কমতে পারে। আগামীকাল শনিবার থেকে আরও কমতে পারে তাপমাত্রা।

তবে রোববার থেকে ফের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

 


কমেন্ট বক্স