ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
২ বছর আগে
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে
রাজধানীর রমনা মডেল থানায় গৃহকর্মী লিজা হত্যার মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক মো. পায়েল হোসেন।

আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দুজনকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো.ছানাউল্ল্যাহ।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর নিহতের পিতা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। অভিযোগে বলা হয়, ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে ছাত্রজনতা ও সাধারণ মানুষ আহত হয়। পরে ২২ জুলাই গুলিবিদ্ধ লিজা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের দিন গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাষানটেক থানায় করা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস।

দুই পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে সাত দিনের রিমান্ডে পাঠান ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ।

এর আগে সোমবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আর একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে সোমবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার বনানীর বাসা গ্রেপ্তার করে পুলিশ।


কমেন্ট বক্স