ইউরোপের বেশ কয়েকটি দেশের কাছে আর্টিলারি গোলা বিক্রি করছেন ভারতীয় অস্ত্র নির্মাতারা। তবে এসব গোলা নিজেরা ব্যবহার না করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে পাঠিয়ে দিচ্ছে ইউরোপীয়রা। এ নিয়ে মস্কো আপত্তি জানালেও গোলা রপ্তানি বন্ধ করতে কোনো হস্তক্ষেপ করেনি নয়াদিল্লি। এতে দীর্ঘদিনের পুরোনো বন্ধু রাশিয়ার চক্ষুশূলে পরিণত হতে পারে ভারত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ১১ জন ভারতীয় ও ইউরোপীয় সরকারি-প্রতিরক্ষা কর্মকর্তা এবং কাস্টমসের তথ্য বিশ্লেষণ করে এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে রয়টার্সই প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করলো।
সূত্র ও কাস্টমসের তথ্য বলছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে এক বছরের বেশি সময় ধরে ভারতীয় অস্ত্রের হস্তান্তর হয়ে আসছে। যদিও ভারতীয় অস্ত্র রপ্তানি আইনে স্পষ্ট বলা আছে যে একমাত্র ঘোষিত ক্রেতাই কেনা অস্ত্র ব্যবহার করতে পারবে। এর ব্যত্যয় করলে ভবিষ্যতে অস্ত্র বিক্রি বন্ধ করে দিতে পারে ভারত সরকার।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গত জুলাইয়ের বৈঠকের সময়সহ ক্রেমলিন অন্তত দুটি অনুষ্ঠানে বিষয়টি উত্থাপন করেছে। এমনটাই জানিয়েছেন তিনজন ভারতীয় কর্মকর্তা।
এ বিষয়ে রাশিয়া ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রশ্নের জবাব দেয়নি। ইউক্রেনীয়, ইতালীয়, স্প্যানিশ ও চেকের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইউক্রেনে আর্টিলারি গোলা পাঠায়নি বা বিক্রি করেনি ভারত।
কমেন্ট বক্স