ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তাবলীগ জামাতের অনুসারী দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। এসময় বেশ কিছু বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর লুটতরাজ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চম্পকনগর এলাকায় তিনঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রাম থেকে দৌলতবাড়ি দরবার শরীফের পীর সৈয়দ নাঈম উদ্দিন ও মাজেদুল হাসানের নেতৃত্বে একটি জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে পৌছলে তাবলীগ জামায়াত নেতা রহমত উল্লাহর অনুসারীরা ওই মিছিলে বাঁধা দিয়ে কামাল নামে এক ব্যক্তিকে মারধোর করেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টায় সাটিরপাড়া, ইছাপুরা ও খাদুরাইল গ্রামের লোকজন চম্পকনগর গ্রামে হামলা করে।

এ সময় চম্পকনগর গ্রামের পক্ষে গেরারগাঁও ও নুরপুর গ্রামের লোকজনও হামলাকারীদের বাঁধা প্রদান করেন। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হন। এ সময় প্রতিপক্ষের বাড়ি-ঘর ও দোকান পাট ভাংচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মাসুম মিয়া বলেন, হাসপাতালে ৩০ জনের মত চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


কমেন্ট বক্স