ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দু'গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ, নিহত ১

নিউজ ডেস্ক
২ বছর আগে
দু'গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ, নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইকবাল বেপারী (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। নিহত ইকবাল বেপারী চরমুগরিয়া এলাকার সোলেমান বেপারীর ছেলে এবং একই বাজারে একজন কসমেটিকস ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমুগরিয়া এলাকায় ইকবাল বেপারীর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জাহিদ হাওলাদার (১৬) নামে এক কিশোরের। এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় জাহিদ হাওলাদারের নেতৃত্বে চরমুগরিয়া বাজারে আধিপত্য দেখাতে হামলা চালায়। এ সময় ইকবালের সমর্থকরা হামলা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে।

এ সময় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার আঘাতে ইকবালসহ গুরুতর আহত হন অন্তত ১১ জন। পরে ইকবালকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এর আগে চরমুগরিয়া বাজারের নিহত ইকবালের দোকানসহ ২০টি দোকান, যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য নাঈম খানের বসতঘর ও অফিস কক্ষের ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ছাড়াও দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিকে এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


কমেন্ট বক্স