শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি কারখানায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে কতৃপক্ষ। এছাড়াও কয়েকটি কারখানা অনিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
কারখানা মালিকপক্ষ জানান, শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার পর কাজে যোগ দিয়েছিল তারা। এরপর আবারও নতুন নতুন দাবি তুলে কারখানায় কাজ বন্ধ করে স্টার্ফদের আটকে রেখে আন্দোলন করে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফের কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে দাবি আদায়ে আন্দোলন করছে তারা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা করছে। এ ঘটনায় আশপাশের খোলা রাখা কারখানাগুলোর সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
শিল্পপুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, নানা দাবিতে আন্দোলনের মুখে রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে ১৫টি কারখানা আর সাধারণ ছুটি দিয়েছে আরও ৪ টি পোশাক কারখানা। মোট উৎপাদন বন্ধ ১৯টি কারখানায়।
এদিকে, গাজীপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকার হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে মহাসড়কের ওই অংশ ব্যাপক যানজটের তৈরি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।
অপরদিকে, সকাল থেকে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা।
কমেন্ট বক্স