বগুড়ার শাজাহানপুরে সাগর তালুকদার (২৯) ও স্বপন (২৮) নামের দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে, সাগর শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। এ ঘটনায় নিহত অপরজন সাগরের সহযোগী স্বপন। তিনি একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। জানা গেছে, সাগর ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রামদা, চাপাতি দিয়ে উপর্যুপরি কোপ দেয়। এতে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে নিহত হন।
এদিকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। মরদেহ নিয়ে আসার খবর পেয়ে হাসপাতালে ভিড় করছেন নিহতদের স্বজনেরা। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন।
কমেন্ট বক্স