সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে ৮০১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ২৬৮ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ২০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২৬ জন, খুলনা বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৮৫৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ হাজার ৭০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন।
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
কমেন্ট বক্স