ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো থেকে একধাপ দূরে হামজা চৌধুরী

নিউজ ডেস্ক
২ বছর আগে
লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো থেকে একধাপ দূরে হামজা চৌধুরী
বাংলাদেশের হয়ে খেলতে আর একধাপ দূরে হামজা চৌধুরী। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মিলেছে। এরই মধ্যে ফিফায় সব কাগজও পাঠিয়েছে বাফুফে। এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির সভায় শুধু অনুমোদনের অপেক্ষা। নভেম্বর উইন্ডোতে হামজাকে নিয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন।

দেশের ফুটবলে আশার আলো হামজা চৌধুরী। ইংলিশ লিগের ক্লাব লেস্টার সিটি তারকাকে ঘিরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বে। বাংলাদেশের পাসেপোর্ট আগেই হয়েছে। তবে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে হামজা খেলায়, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্রের ধাপটি গুরুত্বপূর্ণ ছিল, সেটিও ক’দিন আগে পেয়েছে বাফুফে।

সময়ক্ষেপণ না করে সব ধরনের কাগজ ফিফায় পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। হামজার বাংলাদেশ জার্সিতে গায়ে জড়াতে এটিই শেষ ধাপ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম, তারা আমাদের এনওসি দিয়েছে। ইতোমধ্যে আমরা ফিফাকে ওই এনওসি আমরা পাঠিয়েছি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমতি পেলেই হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে।


কমেন্ট বক্স