ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে জলমহাল দখলে নিল বিএনপি নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
মোহনগঞ্জে জলমহাল দখলে নিল বিএনপি নেতাকর্মীরা
নেত্রকোনার মোহনগঞ্জে একটি ইজারাকৃত জলমহাল দখলে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। দখলের পর জলমহালটিতে নির্বিচারে মাছ ধরা শুরু করেছেন তারা। জলমহালটি উদ্ধারে ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট সেনাবাহিনীর ক্যাম্পেও অভিযোগ দিয়েছেন। জলমহালের ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামের বাসিন্দা।

অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, উপজেলা প্রশাসনের থেকে গত ২৫ এপ্রিল উপজেলার গাগলাজুর ইউনিয়নের ‘চরহাইজদা খন্তা’ নামে জলমহালটি ২ লাখ ২৫ হাজার টাকায় খাস কালেকশনে ইজারা নেন বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা।

জলমহালটিতে মাছ সংরক্ষণে লোকজন নিয়োগসহ  গাছ-বাঁশ ফেলে আরও কয়েক লাখ টাকা খরচ করেছেন তিনি। কিন্তু ৫ আগস্টের পর পটপরিবর্তনের সুযোগে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জলমহালটি দখলে নেয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মির্জা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলি মিয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিরণ মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তাপস মিয়ার নেতৃত্বে জলমহালটি দখলে নিয়ে অধ্যবদি মাছ শিকার করে যাচ্ছে। বাধা দিলে তারা উপজেলা বিএনপির নেতাদের লোক পরিচয়ে হুমকি ধমকি দেয়। জলমহালটি উদ্ধারে মোস্তফা সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, এসিল্যান্ড ও ইউএনওর কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না। শেষে সেনাবাহিনীর দারস্থ হয়েছেন মোস্তফা।

এ বিষয়ে অভিযুক্ত গাগলাজুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলি মিয়া বলেন, এ বিষয়টি নিয়ে যে অভিযোগ করেছিল তার জন্য সেনাবাহিনীর ডাকে আমরা গিয়েছিলাম। বিষয়টি মীমাংসা হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মির্জা বলেন, জলমহাল আমি দখল করিনি। অভিযোগের পর অলিসহ উপজেলা বিএনপির নেতারা সেনাবাহিনীর সাথে বসেছিল। বিষয়টা সমাধান হয়েছে শুনেছি।

 এবিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন মোবাইলফোনে এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। তিনি সরাসরি গিয়ে কথা বলতে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, জলমহালটি প্রশাসনের থেকে ইজারা নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা। সম্প্রতি স্থানীয় কিছু লোক সেটি দখল করে নেয়। এ নিয়ে তিনি (মোস্তাফা) আমার কাছে অভিযোগও দিয়েছেন। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে কথা হয়েছে। সেনাবাহিনী বিষয়টি দেখবে বলেছে।





কমেন্ট বক্স