বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মেরুল বাড্ডায় তৌহিদুল ইসলাম ভুঁইয়া নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত ও তার ম্যানেজার সোহেল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ আদেশ দেন।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমিত্র শাহা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভূঁইয়া। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।
কমেন্ট বক্স