টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দেন তিনি।
ইতোমধ্যে সাকিব ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই। তবে টেস্ট ক্রিকেটে তার সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে। এর মধ্যে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্ট। আর আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
কানপুরে ওই সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয় সাকিবকে। সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায়ের কথা জানিয়ে সাকিব বলেন, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’
এই বিষয়ে বিসিবির নয়া সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব যোগ করেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’
কমেন্ট বক্স