ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় বাড়ছে দারিদ্র্যের তীব্রতা

আন্তর্জাতিক ডেস্ক
২ বছর আগে
আর্জেন্টিনায় বাড়ছে দারিদ্র্যের তীব্রতা
আর্জেন্টিনার ৪৬ মিলিয়ন জনগণের অর্ধেকেরও বেশি মানুষ এখন দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। নতুন পরিসংখ্যান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই দেশের বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে যে প্রচেষ্টা করেছেন তা ওপর এটি একটি বড় ধাক্কা।

দেশটির ইনডেক পরিসংখ্যান সংস্থার বারতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দারিদ্র্যের হার ৫২ দশমিক ৯ শতাংশ, যা ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে ছিল ৪১ দশমিক ৭ শতাংশ।

জাভিয়ের মিলেই গত ডিসেম্বরে দায়িত্ব নেয়ার পর থেকে দেশটিতে পরিবহন ও জ্বালানিতে ভর্তুকি কমিয়েছে। পাশাপাশি মুদ্রাস্ফীতি এবং সরকারি ব্যয় কমাতে হাজার হাজার বেসামরিক কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। তবে গত আগস্টে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতির হার ছিল বিশ্বে সর্বোচ্চ ২৩০ শতাংশের বেশি।

অর্থনৈতিক দুর্দশার জন্য ব্যাপকভাবে দায়ী সরকারের অতিরিক্ত ব্যয় সফলতার কমিয়েছে মিলেই। বছরের পর বছর বিশাল বাজেটের ঘাটতি পূরণের পর, গত ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে আর্থিক উদ্বৃত্ত দেখছে আর্জেন্টিনা।

এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ম্যানুয়েল অ্যাডর্নি বর্তমান সমস্যার জন্য পূর্ববর্তী বাম-ঝোঁক পেরোনিস্ট সরকারগুলোকে দায়ী করেছেন। তিনি দারিদ্র্য বৃদ্ধিকে "জনতাবাদের পরিণতি যা আর্জেন্টিনাকে এত বছর ধরে দুর্ভাগ্য ও ধ্বংসের শিকার করেছে" বলে বর্ণনা করেছেন। ওই মুখপাত্র বলেন, "সরকার উত্তরাধিকারসূত্রে একটি বিপর্যয়কর পরিস্থিতি পেয়েছে। সম্ভবত ইতিহাসে সবচেয়ে খারাপ উত্তরাধিকার পেয়েছে এই সরকার।"

মিলেই সরকার ক্ষমতায় আসার আগে থেকেই আর্জেন্টিনায় দারিদ্র্যতা অনেকগুণ বেড়েছিল। ২০১৭ সালের হিসাব মতে, জনসংখ্যার এক চতুর্থাংশের ওপর দারিদ্র্যের প্রভাব পড়ে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের সময়, মিলেই শক থেরাপির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এতে পেসোর ৫০ শতাংশ অবমূল্যায়ন এবং সরকারী মন্ত্রণালয়ের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দেন তিনি। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে চরম বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে নতুন প্রেসিডেন্টকে। ট্রেড ইউনিয়নসহ অনেকে তার এই কর্মসূচির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। যদিও এই পরিস্থিতিতেও মিলেই সরকারের জনপ্রিয়তা কমেনি। পোলস্টার পোলিয়ার্কিয়া অনুসারে, আর্জেন্টিনার কাছে তুলনামূলকভাবে জনপ্রিয়ই রয়েছে মিলেই।


কমেন্ট বক্স